নিজস্ব সংবাদদাতা, আরএনবি : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে উলুবেড়িয়ার হাটগাছা ১ নম্বর গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ে গৃহীত হলো একাধিক কর্মসূচি।দিনের শুরুতেই বিদ্যালয়ের বাচ্ছারা পরিবেশ প্রকৃতি সুরক্ষায় কোমলমতি শিশু হৃদয়ের শপথ লিখলো ” সবুজ প্রতিজ্ঞা” দেওয়ালে।পঞ্চম শ্রেণীর ছাত্রী শ্রুতি সেন লিখলো – ধরিত্রী ও জন্মদাত্রী মায়ের মাকে শ্রদ্ধা নিবেদন করে আজ আমি একটি গাছ লাগাবো।চতুর্থ শ্রেণীর ছাত্রী আফ্রিনা লিখলো – জীব বৈচিত্র্য সুরক্ষায় প্রকৃতি ও বন্যপ্রাণ সুরক্ষায় আমি মানুষকে সচেতন করবো।এই ভাবেই তামিম,সৌমিক,সাজিদ অন্বেষা তাদের আগামীর ফুটিয়ে তুললো মানস পটের দায়িত্ব বোধ ।”আমাদের পরিবেশ ” এই বিষয়ের উপর পরিবেশ প্রকৃতি সম্পর্কে শিশুদের ধারণা ,বর্তমান ,সংকট ও এই সংকট থেকে বেরিয়ে আসার উপায় কি হতে পারে সেই সম্পর্কে প্রবন্ধ রচনা।প্লাস্টিক নামক রাহুর করাল গ্রাস থেকে বেরিয়ে আসার উপায় হিসাবে প্লাস্টিক কে পুনর্ব্যবহারের বার্তা দিতে বাড়িতে ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল,জারকে বিভিন্ন নকশা করে রং তুলিতে ফুটিয়ে বাড়ি থেকে বানিয়ে আনলো ফুলের টব,ফুলদানি,পেনদানীর মতো সুন্দর সুন্দর নকশা করা উপহার।প্রাচীন গাছ সংরক্ষণের বার্তা দিতে বিদ্যালয়ের একটি প্রাচীন শিশু গাছকে রাখি পরিয়ে সংরক্ষণের শপথ নেওয়া হয়।শিক্ষা দপ্তরের নির্দেশ মতো আজ থেকেই বিদ্যালয় ও সন্নিহিত এলাকায় লাগানো হলো ” মায়ের নামে লাগানো একটি গাছ” প্রকল্পের বিভিন্ন প্রজাতির লেবু,বেল, মালবেরি প্রভৃতি ফলের গাছ। মায়ের নামে একটি গাছ লাগাই – এই প্রকল্পের সঠিক বাস্তবায়ন এর লক্ষে ছাত্র ছাত্রীদের নিয়ে হলো স্লোগান প্রতিযোগিতা। শ্রুতি লিখলো – “মায়ের আশীর্বাদ থাকুক জুড়ে,একটি গাছ বাড়ুক তাঁর নামের নীড়ে”, সাদিয়া লিখলো – “মা আমাদের দিলেন প্রাণ ,বৃক্ষ দিয়ে রাখবো তাঁর মান”, সৌমিক লিখলো – “মা আর প্রকৃতি অভিন্নরূপ,গাছ লাগিয়ে প্রকাশ করি ভক্তি অপরূপ ” তামিম লিখলো “শ্রদ্ধাঞ্জলি মায়ের চরণে ,একটি গাছ তাঁর ভালোবাসার স্মরণে “।সবশেষে শিশুদের উৎসাহিত করতে অনুষ্ঠিত হলো পুরস্কার বিতরণী অনুষ্ঠান।বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজদূত সামন্ত বলেন – প্রাতিষ্ঠানিক শিক্ষার সমান্তরালে বিদ্যালয় অঙ্গনে সারা বছরই পরিবেশ – প্রকৃতি ,জীব বৈচিত্র্য সুরক্ষায় ও বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় দৈনিক কিছু কর্মসূচির ও সচেতনতার নিয়ত নিরলস প্রচেষ্টা।শিশুদেরকে নিয়ে সেই কাজকে ধারাবাহিক ভাবে এগিয়ে নিয়ে যেতে ও আগামীর দায়িত্বশীল নাগরিক গড়ে তোলার লক্ষ্যে আজ ৫ ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিদ্যালয়ে তাই একাধিক কর্মসূচি গৃহিত হয়েছে।

