চিতা বাঘ আতঙ্ক, হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের উদয়নারায়ণপুর ইউনিটের সদস্যদের তৎপরতায় প্রাণে বাঁচলো পশ্চিমবঙ্গের রাজ্যপ্রাণী মেছো বিড়াল

জিরো নিউজ তৎকাল নিউজ ব্ল্যাক নিউজ হট টক হট নিউজ

নিজস্ব সংবাদদাতা, আরএনবি: আবারো মেছোবিড়ালে চিতাবাঘ আতঙ্ক, আবারো সচেতনতার অভাবে আমাদের রাজ্যপ্রাণীকে নিয়ে ধোঁয়াশা, তাকে বাঘ ভেবে আতঙ্কিত হয়ে মেরে ফেলার উদ্যোগ। কিন্তু সময়মত খবর পেয়ে মেছোবিড়ালটিকে প্রাণে বাঁচিয়ে নজির সৃষ্টি করল হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সক্রিয় পরিবেশকর্মীরা।
ঘটনাটি ঘটে হাওড়া জেলার উদয়নারায়নপুর ব্লকের উত্তর চাঁদচক গ্রামে শীতলা মন্দিরের পাশে, সেখানে রাতের অন্ধকারে তপন বরের বাড়িতে একটি মেছোবিড়াল অসুস্থ হয়ে ঘাপটি মেরে লুকিয়ে বসেছিল। নিভৃতে, সকলের অজান্তে। সকাল ন’টা নাগাদ বিশেষ শব্দ ও নড়াচড়া দেখে বাড়ির লোকেরা বুঝতে পারেন কোন বন্য জন্তু বাড়িতে ঢুকেছে। একটু উঁকি মেরে দেখে ওনারা ভাবেন ওনাদের বাড়িতে চিতা বাঘের মত কিছু একটা আছে। দ্রুত এলাকায় ছড়িয়ে যায় গুজব, রটে যায় ঘরে চিতাবাঘ ঢুকেছে। মারবার জন্য জমায়েত হতে থাকে গ্রামবাসীরা। এই রকম পরিস্থিতি দেখে স্থানীয় রমেন আদক নামক এক সুহৃদয় ব্যক্তি হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের উদয়নারায়ণপুর ইউনিটের কো-অর্ডিনেটর সুমন চক্রবর্তীকে ফোন করেন। সুমন বনবিভাগের স্থানীয় আধিকারিককে সঙ্গে নিয়ে দ্রুত এলাকায় পৌঁছায় এবং বন বিভাগের কর্মীদের সাহায্য নিয়ে বাঘরোলটিকে উদ্ধার করেন। গ্রামবাসীদের অসচেতনতার কারণে সেটিকে মেরে ফেলার উদ্যোগকে প্রতিহত করেন তারা। সুমনের সঙ্গে ছিলেন পরিবেশ মঞ্চের সদস্য রাকেশ মাখাল সহ আরো অনেকে। এসে পড়ে আরো পরিবেশকর্মীরা। সকলে মিলে গ্রামবাসীদের বোঝান – এটি কোন চিতাবাঘ নয়। এটা নিছকই নিরীহ বন্যপ্রাণী মেছোবিড়াল যা এলাকার সাপ ব্যাঙ ইঁদুর খেয়ে পরিবেশের উপকার করে। অনেক বোঝানোর পরে বনবিভাগ মেছোবিড়ালটিকে নিয়ে চলে আসে এবং যেহেতু এটি অসুস্থ ছিল তাই তার চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয় গড়চুমুক মিনি জু তে।
বনবিভাগের সহযোগিতা ও হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সদস্যদের তৎপরতায় আবারো বাঁচানো গেল হাওড়া জেলায় বিপন্নপ্রায় পশ্চিমবঙ্গের রাজ্যপ্রাণী মেছোবিড়াল-কে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *