নিজস্ব সংবাদদাতা, আরএনবি : ভোট পরিদর্শনে কালীঘাট এলাকায় যান শুভেন্দু অধিকারী। সেখানে পৌঁছাতেই তৃণমূলের কিছু মহিলা কর্মী-সমর্থক তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান এবং ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন।
এই অবস্থায় শুভেন্দু অধিকারী ফোন করে কেন্দ্রীয় বাহিনীকে ডাকেন। কিছুক্ষণের মধ্যেই বাহিনী এসে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শুভেন্দুর অভিযোগ, তৃণমূল বাইরে থেকে লোক এনে এলাকায় ঢুকিয়েছে। তিনি ‘বহিরাগতদের’খোঁজে বাহিনীর সঙ্গে দৌড়াতেও দেখা যায়।
অন্যদিকে তৃণমূলের অভিযোগ, ভবানীপুরের বিজেপি প্রার্থী হিসেবে শুভেন্দু ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন।
সাড়ে ১২টা নাগাদ ভবানীপুরের মুক্তদল মোড়ে শুভেন্দুর গাড়ি পৌঁছালে আবারও বিক্ষোভ শুরু হয়। তৃণমূল সমর্থকেরা ‘জয় বাংলা’ ও ‘চোর-চোর’ স্লোগান দেন। পরে তিনি কালীঘাটের পটুয়াপাড়ায় গেলে সেখানেও একই ধরনের বিক্ষোভ দেখা যায়। তখন বিজেপি কর্মীরাও পাল্টা স্লোগান দেন।
শুভেন্দু গাড়ি থেকেই নির্বাচন কমিশনে ফোন করে কেন্দ্রীয় বাহিনী পাঠানোর অনুরোধ জানান। বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়। এরপর তিনি এলাকায় ঢুকে বলেন, এসব করলে তাঁর ভোটই বাড়বে এবং ভবানীপুরে এভাবে কিছু হবে না।
পাল্টা তৃণমূল নেতা কাজরী ব্যানার্জী বলেন, এলাকায় শান্তিপূর্ণ ভোট হচ্ছিল, কিন্তু শুভেন্দু অধিকারী অশান্তি তৈরির চেষ্টা করছেন। তাই এলাকার মহিলারা প্রতিবাদে বিক্ষোভ দেখান।

