নিজস্ব সংবাদদাতা,আরএনবি: নিউ ইয়ারের আগে খাস কলকাতা থেকে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আলিপুরের ওরফ্যানগঞ্জ রোডে মাটি খুঁড়ে উদ্ধার হয়েছে অত্যাধুনিক ১১টি পিস্তল।এই ঘটনায় রাজেশ সাউ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশের দাবি,ধৃত রাজেশ সাউ বিজেপি নেতা রাকেশ সিংয়ের ঘনিষ্ঠ।পুলিশ সূত্রে জানা গেছে,গোপন খবরের ভিত্তিতে ওরফ্যানগঞ্জ রোডে তল্লাশি চালানো হয়।মাটি খুঁড়তেই একের পর এক পিস্তল উদ্ধার হয়।অস্ত্র উদ্ধারের পর গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ।নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বোম স্কোয়াডও।উদ্ধার কাজ এখনও চলতে পারে বলে জানিয়েছে পুলিশ।এক পুলিশ আধিকারিক জানান,“ঘটনাস্থলে পৌঁছে আমরা ১১টি পিস্তল উদ্ধার করেছি।আরও কিছু আগ্নেয়াস্ত্র মাটির নিচে লুকিয়ে থাকতে পারে বলে আশঙ্কা রয়েছে।সেই কারণেই বোম স্কোয়ার্ড ও পুলিশ যৌথভাবে উদ্ধার কাজ চালাচ্ছে।”এদিকে,একই দিনে বাবুঘাট থেকেও বড়সড় সাফল্য পেয়েছে কলকাতা পুলিশের এসটিএফ।গোপন সূত্রে খবর পেয়ে বাবুঘাট এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও ২০ থেকে ২২ রাউন্ড কার্তুজ-সহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে।প্রথমে এক যুবককে আটক করা হয়,তার জেরাতেই আরও এক অভিযুক্তের খোঁজ মেলে বলে জানায় এসটিএফ।নিউ ইয়ারের আগে শহরের ব্যস্ত এলাকাগুলি থেকে একের পর এক অস্ত্র উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।এই অস্ত্রগুলি কোথা থেকে এল,কী উদ্দেশ্যে মজুত করা হয়েছিল এবং এর পিছনে কোনও বড়সড় চক্র বা রাজনৈতিক যোগসূত্র রয়েছে কি না,সব দিক খতিয়ে দেখছে তদন্তকারীরা।নিউ ইয়ারের আগে কলকাতায় এমন ঘটনায় পুলিশি নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে জানা গেছে।

