নিজস্ব সংবাদদাতা,আরএনবি: অশোকনগরের গান্ধী সেন্টেনারি স্কুলের ছাত্র পৃথ্বীশ ঘোষ।বয়স মাত্র ৬ বছর।এই একরত্তি বয়সেই অসাধ্য সাধন করেছে সে।৪ বছর বয়সে নাকি বাবার হাত ধরে সঙ্গীতের জগতে পদার্পণ তার।ছোটবেলা থেকেই বাড়িতে গান-বাজনার পরিবেশে বেড়ে ওঠা।কারণ তাঁর বাবা প্রীতম ঘোষ একজন পেশাদার শিল্পী। মা পিয়াসি ঘোষও ছেলের ইচ্ছেকে গুরুত্ব দিয়ে সঙ্গীতচর্চায় উৎসাহ দেন।
পড়াশোনার পাশাপাশি নিয়মিত প্র্যাকটিস করে পৃথ্বীশ।সময় পেলেই কখনও কাহন,কখনও আবার ড্রামের দ্রুত বিটে তাক লাগায় সবাইকে।স্ট্রিক আইটেম, প্যাড, ড্রামের মতো বাদ্যযন্ত্রের প্রতি তাঁর আলাদা আকর্ষণ ও ভালোবাসা ছোটবেলা থেকেই।
পরিবারের দাবি,বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে তাঁর দক্ষতা ও আগ্রহও।এই বয়সের বাচ্চারা কার্টুন দেখতে ভালোবাসে কিন্তু পৃথ্বীশ দেখে গান-বাজনার রিয়্যালিটি শো।বাংলা ও হিন্দি গানের বিট ও গ্রামারও নাকি মুখস্থ করে ফেলেছে সে।
ইতিমধ্যেই বিভিন্ন অনুষ্ঠানে তাঁর ড্রাম বাজানোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।পায়ের তালের সঙ্গে হাতের নিখুঁত সমন্বয় দেখে তাক লেগে যাচ্ছে দর্শকদের।
পাড়ার লোকজন ও শুভাকাঙ্ক্ষীরা এখন পৃথ্বীশকে ভবিষ্যতে বড় মঞ্চে, ‘ইন্ডিয়াস গট ট্যালেন্ট’-এর মতো প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য উৎসাহ দিচ্ছেন। প্র্যাকটিসের সময় পাশে বসে নজর রাখেন দাদু।
মাত্র ৬ বছরেই ড্রামে এমন দক্ষতা দেখিয়ে অশোকনগরের এ খুদে শিল্পী এখন সকলের নজর কেড়েছে।সে এখন সকলের নয়নের মণি।পরিবার ও প্রতিবেশীদের আশা,একদিন পৃথ্বীশ মিউজিশিয়ান হবেই ।

