পান্ডুয়ায় ভাড়া বাড়িতে বসে গ্যাস সংস্থার নামে সাইবার প্রতারণা, ধৃত ৪

জিরো নিউজ তৎকাল নিউজ ব্ল্যাক নিউজ হট টক হট নিউজ

নিজস্ব সংবাদদাতা, হুগলী : সাইবার প্রতারণার অভিযোগে পান্ডুয়া এলাকা থেকে চারজনকে গ্রেফতার করল হুগলি গ্রামীণ জেলা পুলিশের সাইবার ক্রাইম থানা। পুলিশের দাবি, ধৃতেরা ভাড়া বাড়িতে বসে মহানগর গ্যাস ও আদানি গ্যাস সংস্থার নাম ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা চালাচ্ছিল। এই চক্রের সঙ্গে ঝাড়খণ্ডের ধানবাদের যোগ রয়েছে বলেও প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাইবার ক্রাইম থানার ২০/২৬ নম্বর মামলার (তারিখ ১২ সেপ্টেম্বর ২০২৬) তদন্তে নেমে প্রায় এক মাস ধরে প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ ও ধারাবাহিক তদন্ত চালান আধিকারিকরা। সেই তদন্তের সূত্র ধরেই পান্ডুয়া এলাকায় সক্রিয় প্রতারণা চক্রটির সন্ধান মেলে। অভিযানে সাইবার ক্রাইম থানার আধিকারিক ও কর্মীদের সঙ্গে সহযোগিতা করে জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি)।
তদন্তকারীদের প্রাথমিক অনুমান, প্রতারণার জন্য অভিযুক্তেরা সাধারণ মানুষের হোয়াটসঅ্যাপে বিভিন্ন APK ফাইল পাঠাত। সেই ফাইল মোবাইলে ইনস্টল করার পর সংশ্লিষ্ট মোবাইলের নিয়ন্ত্রণ এবং ওটিপি-সংক্রান্ত তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হত। এরপর ব্যাংকিং সংক্রান্ত নিরাপত্তা ব্যবস্থাকে কাজে লাগিয়ে অথবা তা এড়িয়ে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে নেওয়া হত বলে অভিযোগ।পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, এই চক্রের বিরুদ্ধে এখনও পর্যন্ত ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে (NCRP) চারটি অভিযোগ জমা পড়েছে। অভিযোগগুলিতে প্রতারণার মোট অর্থের পরিমাণ ১৮ লক্ষ ১৩ হাজার ৮৯৩ টাকা।
অভিযানে ধৃতদের কাছ থেকে ১৫টি মোবাইল ফোন, দুটি ল্যাপটপ এবং তিনটি এটিএম কার্ড উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ধারায় মামলা রুজু হয়েছে।
প্রায় এক মাসের তদন্ত, ডিজিটাল তথ্যের বিশ্লেষণ এবং সাইবার ক্রাইম থানার তদন্তকারী দল ও এসওজির যৌথ প্রচেষ্টায় এই চক্রের সন্ধান পাওয়া গিয়েছে বলে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *