নিজস্ব সংবাদদাতা, হুগলী: হুগলী গ্রামীণ পুলিশের মাদকবিরোধী অভিযানে পৃথক দুটি ঘটনায় মোট ৭৫.৭৫৮ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। হরিপাল ও বলাগড় থানা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ মোট চারজনকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, হরিপাল থানার পুলিশ ও স্পেশাল অপারেশন গ্রুপের (এসওজি) যৌথ অভিযানে নালিকুল এলাকায় একটি বাড়িতে তল্লাশি চালানো হয়। সেখান থেকে ২৩.৬৪৮ কেজি গাঁজা উদ্ধার হয়। এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের আদালতে পেশ করা হয়েছে।
অন্যদিকে, গত ৩০ অক্টোবর গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বলাগড় থানার পুলিশ ডুমুরদহ বাসস্ট্যান্ড এলাকায় একটি নীল রঙের হুন্ডাই আই-১০ গাড়িতে তল্লাশি চালায়। গাড়িটি থেকে ৫২.১১ কেজি গাঁজা উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয়। এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের আদালতে পেশ করে ১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে।
দুটি ঘটনাতেই উদ্ধার হওয়া মাদকদ্রব্যের উৎস এবং পাচারের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ। হুগলি গ্রামীণ পুলিশের পক্ষ থেকে মাদক পাচার ও মাদক কারবারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে জানানো হয়েছে।

