উলুবেড়িয়ায় মানবতার মিছিল

জিরো নিউজ তৎকাল নিউজ ব্ল্যাক নিউজ হট টক হট নিউজ

নিজস্ব সংবাদদাতা, আর এন বিঃ মানবতার যোদ্ধা চিকিৎসকদের কুর্নিশ জানিয়ে মানবতার মিছিল হলো উলুবেড়িয়ায়। রক্তদান ও সামাজিক আন্দোলনের কর্মীদের সংগঠন ” রক্তকরবী ” আয়োজিত মিছিলে সামিল ছিলেন থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু, রোগীর পরিবার, মানবিক বন্ধুরা। সহযোগিতায় ছিল ” ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটি ” ও ” ডট ফাউন্ডেশন “।


থ্যালাসেমিয়া আক্রান্ত ছোট্টো শিশু ঈশানি ছিল মিছিলের সামনে। যার হাতে ধরা ছিল প্ল্যাকার্ড। প্ল্যাকার্ডে লেখা ছিল, ” যাদের পরশে ও যত্নে ফেরে প্রাণ- / কুসংস্কার নয়, জেনো তাদের শক্তি বিজ্ঞান ” । চিকিৎসকদের সম্পর্কে বলতে গিয়ে এমনই অভিনব পোস্টার হাতে নিয়ে মিছিলে পা মেলালেন থ্যালাসেমিয়া আক্রান্তেরা। উলুবেড়িয়া স্টেশন থেকে উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভ. মেডিক্যাল কলেজ হাসপাতাল পর্যন্ত মিছিল হয়। মিছিলের সমাপ্তিতে উলুবেড়িয়া মেডিক্যাল কলেজে কর্তব্যরত চিকিৎসক, স্বাস্থ্য কর্মীদের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে ভালবাসার প্রতীক রূপে গোলাপ দিয়ে শুভেচ্ছা জানানো হয়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ হাসপাতালে যারা নিয়মিত চিকিৎসা করেন সেই পরিবারগুলো চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। রোগীর পরিবারের সঙ্গে আলোচনার পর উলুবেড়িয়া মেডিক্যাল কলেজের এমএসভিপি -এর সঙ্গে দেখা করে শুভেচ্ছা জানিয়ে আলোচনা করেন ” রক্তকরবী ” -র সংগঠকরা।

” রক্তকরবী ” – র পক্ষ থেকে চিকিৎসক-স্বাস্থ্য কর্মী ও রোগীর পরিবারের মধ্যে বন্ধন দৃঢ় করার জন্য বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়। সমস্ত শূন্যপদে চিকিৎসক, স্বাস্থ্য কর্মী নিয়োগ করা, উলুবেড়িয়া ব্লাড সেন্টারে কম্পোনেন্ট সেপারেটর চালুর দাবী, দালাল চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবী করে রক্তকরবী। থ্যালাসেমিয়া আক্রান্তদের প্রতিবন্ধী শংসাপত্র শিবির করে প্রদানের দাবী, হাসপাতালে কার্ডিও সাপোর্ট অ্যাম্বুলেন্সের দাবী, সব ধরনের রোগীর প্রয়োজনে চব্বিশ ঘণ্টা ব্লাড সেন্টারের পরিষেবা সহ বিভিন্ন দাবী উত্থাপিত হয়। রোগীর পরিবারকে নিয়ে চিকিৎসকদের শুভেচ্ছা কর্মসূচীতে উপস্থিত ছিলেন ” রক্তকরবী ” -র সম্পাদক শাশ্বত পাড়ুই, সভাপতি স্বদেশ ঘোড়ুই, সংগঠক শতাব্দী বেরা, উত্তম সোম, এছাড়াও” ডট ফাউন্ডেশন ” এর সভাপতি দীপঙ্কর পোড়েল, সোমনাথ দেন প্রিয়াঙ্কা শাসমল, বালার্ক সেন প্রমুখ। এদিনের কর্মসূচী সম্পর্কে বলতে গিয়ে ” রক্তকরবী ” -র সম্পাদক শাশ্বত পাড়ুই বলেন, ” চিকিৎসক দিবসে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের কুর্নিশ জানাতে মিছিলের আয়োজন করা হয় “। মিছিল শেষে হাসপাতালে গিয়ে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের শুভেচ্ছা জানান সংগঠক ও থ্যালাসেমিয়া আক্রান্তরা। রোগের থেকে সুস্থতার পাশাপাশি মানবিক বোধের চেতনায় সমাজকেও সুস্থ রাখতে হবে। এই কাজে চিকিৎসক ও রোগীর পরিবারের মেলবন্ধন ঘটাতেই আমাদের উদ্যোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *