নিজস্ব সংবাদদাতা, আরএনবি : শুক্রবার সকালে কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে আবারও যান বেলেঘাটা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ ও শ্যামপুকুরের প্রার্থী শশী পাঁজা। নিরাপত্তা ব্যবস্থা ঠিকমতো রয়েছে কি না, তা দেখতেই তাঁরা সেখানে পৌঁছায়।
কুণাল ঘোষ জানান, বিকেলের দিকে আরও কিছু ব্যালট আসতে পারে বলে খবর পাওয়া গেছে। সেই কারণে আগেই দলের নির্বাচনী এজেন্টদের সতর্ক করে দেওয়া হয়েছে। প্রার্থীদেরও সতর্ক থাকতে বলা হয়েছে।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, পুরো এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। একজন এসিপি ও ডিসিপির তত্ত্বাবধানে পুলিশ মোতায়েন রয়েছে। কমিশনের অনুমতি ছাড়া কেউ স্ট্রং রুমে ঢুকতে পারবে না। এলাকায় ১৬৩ ধারা জারি করা হয়েছে, যাতে অপ্রয়োজনীয় ভিড় বা জমায়েত এড়ানো যায়।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়ালও জানিয়েছেন, পুরো প্রক্রিয়ায় কোনও কারচুপির সুযোগ নেই। ২৪ ঘণ্টা সিসিটিভি নজরদারি চলছে এবং সব কিছু নিয়ম মেনেই করা হচ্ছে।
একই দিনে সকালে তিনি পুরুলিয়ার দুটি গণনা কেন্দ্রও পরিদর্শন করেন। রঘুনাথপুর কলেজের গণনাকেন্দ্রে গিয়ে নিরাপত্তা ও প্রস্তুতি খতিয়ে দেখেন। তাঁর সঙ্গে ছিলেন জেলার নির্বাচনী আধিকারিক ও পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা।

