উন্নয়নের পাঁচালি হাতে বাড়ি-বাড়ি প্রচারে শাসক দল

Uncategorized ব্ল্যাক নিউজ

নিজস্ব সংবাদদাতা,আরএনবি:
আসন্ন নির্বাচনের আগে মহিলা ভোটকে পাখির চোখের মতো নিশানায় রেখে নতুন কর্মসূচি শুরু করতে চলেছে তৃণমূল কংগ্রেস।রাজ্যের গ্রাম থেকে শহর,প্রতিটি ব্লকে মাসব্যাপী জনসংযোগ অভিযানে নামছে তৃণমূলের মহিলা সংগঠন।
২১ ডিসেম্বর থেকে ২০ জানুয়ারি পর্যন্ত চলবে এই বিশেষ প্রচার কর্মসূচি।মূলত মহিলাদের জন্য রাজ্য সরকারের করা বিভিন্ন উন্নয়নমূলক কাজ তুলে ধরাই হলো এই অভিযানের মূল লক্ষ্য।সেই উদ্দেশ্যে তৈরি করা হয়েছে ‘উন্নয়নের পাঁচালি’নামে একটি বিশেষ বই।সেই বই হাতে নিয়েই তৃণমূল মহিলা সংগঠনের নেত্রীরা বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাবেন।
দলের তরফে জানানো হয়েছে, বাড়ির অন্দরমহলে সহজে পৌঁছতে পারেন মহিলারাই।তাই এই দায়িত্ব তাঁদেরই দেওয়া হয়েছে।পাড়া বৈঠক,চাটাই বৈঠক এবং হ্যান্ড মাইকের মাধ্যমে পাঁচালি পাঠ করে উন্নয়নের কথা তুলে ধরা হবে।
তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান,পাঁচালি মানে পাঁচ জনের সামনে বসে পাঠ। বহুদিন ধরেই মহিলারা এই প্রথার সঙ্গে যুক্ত।সেই ধারাবাহিকতা বজায় রেখেই গত কয়েক বছরের উন্নয়নের কথা নিয়ে এই পাঁচালি রচনা করা হয়েছে।অন্যদিকে,মহিলা নেত্রী শশী পাঁজা বলেন,“ভোট এলেই শুধু উন্নয়নের কথা বলা হয় না।আমরা সারা বছর মানুষের পাশে থাকি।বছরভর যে কাজ হয়েছে, সেটাই এবার মানুষের কাছে তুলে ধরা হবে।”২২ জানুয়ারি গোটা রাজ্যে মিছিলের ডাক দিয়েছে তৃণমূল। রাজ্যে প্রায় ২ কোটি ২০ লক্ষ মহিলা ভোটার রয়েছেন।এই ভোটব্যাঙ্ক অটুট রাখাই তৃণমূলের বড় চ্যালেঞ্জ।রাজনৈতিক মহলের মতে,বিহার বিধানসভা ভোটের পর বিজেপি রাজ্যের মহিলা ভোটে ফাটল ধরানোর চেষ্টা করছে।তবে তৃণমূল নেতৃত্বের দাবি,মহিলা ভোট অটুট থাকবে এবং সমর্থন আরও বাড়বে।সেই লক্ষ্যেই ‘উন্নয়নের পাঁচালি’ নিয়ে ঘরে ঘরে পৌঁছবে তৃণমূলের মহিলা সংগঠন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *