সুব্রত মণ্ডল, গুপ্তিপাড়া, হুগলী : দীর্ঘ প্রায় আট বছর ধরে চলা বিচার প্রক্রিয়ার পর ধনিয়াখালীর এক নাবালিকাকে শ্লীলতাহানির চেষ্টার মামলায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল চুঁচুড়ার বিশেষ পকসো আদালত। আদালতের নির্দেশ দিয়েছে অভিযুক্ত তনয় সিংহকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ডের সাজা দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০১৮ সালে ধনিয়াখালী থানায় এক নাবালিকার পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে জানানো হয়, ধনিয়াখালীর বাসিন্দা তনয় সিংহ একা পেয়ে ওই নাবালিকার শ্লীলতাহানির চেষ্টা করে এবং তার শরীরে অশোভন স্পর্শ করে। নাবালিকা কোনও রকমে সেখান থেকে বেরিয়ে এসে পরিবারের সদস্যদের ঘটনাটি জানায়।
পরিবারের অভিযোগের ভিত্তিতে ধনিয়াখালী থানার পুলিশ পকসো আইনের অধীনে মামলা রুজু করে তদন্ত শুরু করে। মামলার তদন্তের দায়িত্বে ছিলেন তৎকালীন সাব-ইন্সপেক্টর স্বর্ণেন্দু রায়, বর্তমানে অবসরপ্রাপ্ত। তিনি মামলার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত সম্পন্ন করে আদালতে চার্জশিট জমা দেন।
শুনানি শেষে ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে চুঁচুড়ার বিশেষ পকসো আদালত অভিযুক্ত তনয় সিংহকে দোষী সাব্যস্ত করে ৩ বছরের সশ্রম কারাদন্ডের পাশাপাশি ২০ হাজার টাকা অর্থদণ্ডের নিদের্শ দেন। মামলায় সরকার পক্ষের হয়ে সওয়াল করেন সরকারি আইনজীবী ভাস্কর প্রসাদ ব্যানার্জী।
রায় ঘোষণার পর নাবালিকার পরিবারের সদস্যরা আদালতের সিদ্ধান্তে সন্তুষ্টো হন। তাঁদের বক্তব্য, অপরাধীর শাস্তির মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। তাঁরা আশা প্রকাশ করেন, এই রায় ভবিষ্যতে নারী ও শিশুদের বিরুদ্ধে অপরাধ রোধে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেবে এবং সমাজে নাবালিকাদের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।

