আজ বাঁকুড়ার বড়জোড়ায় মমতার মেগা সভা লক্ষ্য ছাব্বিশ

Uncategorized

নিজস্ব সংবাদদাতা,আরএনবি: বছরের শেষলগ্নে রাজনৈতিক বার্তা দিতে আজ বাঁকুড়ার বড়জোড়ায় মেগা সভা করতে চলেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।লক্ষ্য ২০২৬-এর বিধানসভা নির্বাচন।
নির্বাচন কমিশনের (এসআইআর) প্রক্রিয়া নিয়ে রাজ্য রাজনীতিতে যখন তীব্র চাপানউতোর,ঠিক সেই আবহেই সভা করছেন তৃণমূলনেত্রী।রাজনৈতিক মহলের ধারণা,আজকের মঞ্চ থেকে এসআইআর ইস্যুতে কেন্দ্র ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়াবেন মমতা।
তৃণমূল সূত্রে খবর,ভোটার তালিকা সংশোধনের নামে সাধারণ মানুষের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে গণতান্ত্রিক অধিকার রক্ষার ডাক দিতে পারেন তিনি।একইসঙ্গে, বিজেপির বিরুদ্ধে প্রশাসনিক অপব্যবহার ও ভোট প্রভাবিত করার চেষ্টার অভিযোগও উঠে আসতে পারে তাঁর বক্তব্যে।
এই সভা শুধু প্রতিবাদ নয়,বরং ২০২৬-এর লড়াইয়ের রূপরেখা তৈরির মঞ্চ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কর্মী-সমর্থকদের উদ্দেশে সংগঠন আরও মজবুত করার বার্তা,বুথ স্তরে প্রস্তুতির নির্দেশ এবং রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ তুলে ধরার সম্ভাবনাও রয়েছে।
দলীয় কর্মীদের মধ্যে এই সভা ঘিরে ব্যাপক উৎসাহ। বাঁকুড়ার পাশাপাশি আশপাশের জেলা থেকেও ভিড় জমার প্রস্তুতি তুঙ্গে।দলনেত্রীর বার্তার দিকেই তাকিয়ে তৃণমূলের নিচুতলার কর্মী থেকে শীর্ষ নেতৃত্ব সকলে।সব মিলিয়ে,বাঁকুড়ার বড়জোড়ার সভা শুধু বছর শেষের রাজনৈতিক জমায়েত নয়,বরং বলা যায় এটি ছাব্বিশের লড়াইয়ের সূচনার সুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *